নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর নিয়ামতপুরে চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই লোমহর্ষক হত্যার ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় খাটের ওপর বিছানার চাদর দিয়ে ঢাকা অবস্থায় পরিবারের চার সদস্যের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশের ধারণা, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে বাড়িতে আসেন। তার কাছে গরু বিক্রির দুই লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হাবিবুরের টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে। হাবিবুরের স্ত্রী পপি খাতুনের কানের রিং ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। ডাকাতি করার পর পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করেছে।
তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
একই পরিবারের চারজনকে এভাবে নির্বিচারে হত্যার ঘটনায় পুরো বাহাদুরপুর গ্রামে শোকের ছায়া ও চরম আতঙ্ক বিরাজ করছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উন্মোচনে তারা কাজ শুরু করেছে এবং খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
Related News
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual7 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual4 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More



Comments are Closed