Main Menu

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার।

এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায়, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র হতে ২১৪ কিলোমিটার দূরে। ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ঘটে।

ভূমিকম্পের পরপরই সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ৩ দশমিক ০ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।

Share





Related News

Comments are Closed