Main Menu

হবিগঞ্জের ৪টি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১০টি

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে দাখিলকৃত ২৯টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। নানা অসঙ্গতির কারণে বাকি ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে হবিগঞ্জ-১, ২, ৩ ও ৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার মাহমুদসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল)

এই আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। স্ট্যাম্পের ওপর হলফনামা দাখিল না করা ও স্বাক্ষর না থাকায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী কাজী তোফায়েল আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ)

এ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তাদের মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটার তালিকা অসম্পূর্ণ থাকায় তার মনোনয়ন বাতিল হয়। এছাড়া হলফনামায় মামলার তথ্য গোপন করায় বাসদ মনোনীত প্রার্থী লুকমান আহমদ তালুকদার এবং অসম্পূর্ণ আবেদন ও দলীয় অঙ্গীকারনামায় ত্রুটির কারণে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নোমান আহমদ সাদীকের মনোনয়ন বাতিল করা হয়।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ)

এই আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ত্রুটিপূর্ণ আবেদন, যথাযথ স্বাক্ষর না থাকা, তথ্যে গড়মিল ও ট্যাক্স রিটার্ন না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. শাহিনুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর)

এ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই শেষে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
দলীয় মনোনয়নে গড়মিল থাকায় বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী শাহ মো. আল আমিন, হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকা ও ব্যাংক হিসাবের প্রমাণ না থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন, ১ শতাংশ ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী, দলীয় মনোনয়নে চেয়ারম্যানের স্বাক্ষরে অসঙ্গতির কারণে আমার বাংলাদেশ পার্টি (এবি) প্রার্থী মোকাম্মেল হোসেন এবং ভোটার তালিকা ও ব্যাংক হিসাব সংক্রান্ত ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা রিটার্নিং অফিসার জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।

Share





Related News

Comments are Closed