Main Menu

হবিগঞ্জে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। টানা তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার মধ্যবাজার এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়ইউড়ি ও বাহুবল গ্রামের দুই শিশুর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিকেল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। ধীরে ধীরে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক হয়।

Share





Related News

Comments are Closed