Main Menu

ঋণের বোঝা সইতে না পেরে বানিয়াচংয়ে ব্যবসায়ীর আত্মহনন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মো. আব্দুল শহিদ (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ৪নং ইউনিয়নের পাঠানটুলা গ্রামের মৃত আব্দুল করিম উল্লাহর বড় ছেলে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনুমানিক ভোর ৫টায় উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি দীর্ঘদিন যাবত গ্যানিংগঞ্জ বাজারে সবজি ব্যবসা করতেন। তবে ব্যবসায় লোকসান, ছেলেকে প্রবাসে পাঠানোর খরচ এবং মেয়েদের বিয়ে দিতে গিয়ে তিনি সাত থেকে আট লাখ টাকার ঋণে জড়িয়ে পড়েন। নিয়মিত সুদের টাকা পরিশোধ করতে করতে তিনি চরম আর্থিক সংকটে পড়েন এবং মানসিকভাবে ভেঙে পড়েন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আঙিনার একটি আমগাছে প্লাস্টিকের রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের বোঝা সহ্য করতে না পেরে মো. আ. শহিদ আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের আইনানুগ প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed