Main Menu

প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা, টাকা ও স্বর্ণ লুট

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে এক প্রবাসীর স্ত্রী ও ছেলেকে।হত্যার পর ঘর থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রীদ আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)। ঘটনার পর থেকে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করে। সকালে জানালা দিয়ে মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পিবিআইয়ের ক্রাইম সিন টিম তদন্ত করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বজনরা জানান, ঘর থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, ‘হত্যাকাণ্ডের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এই নৃশংস ঘটনায় গ্রামে আতঙ্ক বিরাজ করছে, তবে পুলিশ বলছে দোষীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed