Main Menu

জৈন্তাপুরে অভিযানে চিহ্নিত মানবপাচারকারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে প্রায় চার ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধীন লালাখাল বিওপির টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মো. কিবরিয়া (২৭) জৈন্তাপুর উপজেলার নয়াখেল উত্তর গ্রামের জমির উদ্দিনের ছেলে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং চিহ্নিত মানবপাচারকারী হিসেবে পরিচিত কিবরিয়ার অবস্থান সম্পর্কে গোপন তথ্য পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে তাকে আটকের জন্য লালাখাল বিওপির একটি টহলদল বিশেষ অভিযান শুরু করে।

অভিযানের অংশ হিসেবে সম্ভাব্য অবস্থান ও চলাচলের ওপর নজরদারি চালায় বিজিবি সদস্যরা। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বাংলাদেশের অভ্যন্তরে কালিঞ্জি নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটকের পর তার দেহ তল্লাশি করে একটি স্মার্টফোন, একটি বাংলাদেশি মোবাইল সিম, একটি ভারতীয় মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র এবং নগদ ২৫০ টাকা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক কিবরিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মানবপাচার চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে অপরাধ দমন এবং মানবপাচার প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed