Main Menu

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার চোরাই পণ্য আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৯ নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দমদমিয়া, বিছনাকান্দি, প্রতাপপুর ও উৎমা সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালায়।

আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, জিরা, টমেটো ও কম্বল। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক জব্দমূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) লে. কর্নেল অধিনায়ক নূর উদ্দিন আহমাদ জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।

আটক পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed