Main Menu

সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয়ে ও সাবেক এমপির বাড়িতে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে রাতের আঁধারে বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিস্থিতি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা শহরে একের পর এক বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেন এবং হাতুড়ি দিয়ে কার্যালয়টি ভাঙচুর করেন।

একই দিন বিকেলে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার শহরের এসএস রোডের বাসভবনেও আগুন দেওয়া হয়।

এ ছাড়া সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। এসব ঘটনার পর জেলা শহরের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে নেতাকর্মীরা অবস্থান নেন।

এর আগে মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তৈরি করা ব্যানারটি দুই ব্যক্তি বিএনপি কার্যালয়ে টানিয়ে দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন সরকার হিমেল। পরে ভিডিওটি ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন কেউ ব্যানার টানিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সেটি রাজনীতির মধ্যে পড়ে না। তিনি ঘটনাটিকে ‘চোরের কারবার’ বলে মন্তব্য করেন। এ ঘটনায় জেলা বিএনপি চিন্তিত বা বিচলিত নয় বলেও জানান তিনি।

সার্বিক বিষয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, জেলা শহরে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

Share





Related News

Comments are Closed