Main Menu

জাফলং জিরো পয়েন্টে পাথর লুট, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর লুটের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার মামার বাজার এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে আফজল হোসেন ও লাখেরপাড় গ্রামের মন্তাজ মিয়ার ছেলে জাবেদ আহমদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিন দিনে জাফলং জিরো পয়েন্ট থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করা হয়। যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ঘটনায় গত সোমবার ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা (নম্বর-২৯) করেন।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, শুক্রবার রাতে পাথর লুটের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত প্রায় ২৫ হাজার ঘনফুট উদ্ধার করে পুনরায় প্রতিস্থাপন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed