Main Menu

ধর্ষণের অভিযোগে ধর্মপাশায় পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একজন তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাতে ভুক্তভোগী তরুণী ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অভিযুক্ত কনস্টেবল আইনুল হককে আটক করে পুলিশ।

ভুক্তভোগী তরুণী নেত্রকোনার একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ২৮ বছর বয়সী আইনুল হক এর বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর দুভাগ গ্রামে। তিনি ধর্মপাশা থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আইনুলের সঙ্গে তরুণীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং নিয়মিত যোগাযোগ ও দেখা-সাক্ষাৎ চলতে থাকে। গত ২৬ জুন আইনুল তাঁকে সুনামগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে স্বামী-স্ত্রীর পরিচয়ে একটি কক্ষ ভাড়া নেন এবং পরদিন দুপুর পর্যন্ত তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরীক্ষা শেষ হওয়ার পর ২৮ জুন তরুণী বিয়ের কথা তুললে আইনুল যোগাযোগ বন্ধ করে দেন। ২৯ জুন রাতে তিনি সরাসরি ধর্মপাশা থানায় গিয়ে ওসির কাছে ঘটনার বিস্তারিত জানান।

ঘটনার বিষয়ে আজ মঙ্গলবার সকালে অভিযুক্ত কনস্টেবল আইনুল হক বলেন, ‘আমার ভুল হয়েছে। আমি তাঁকে বিয়ে করতে রাজি। আমার প্রথম স্ত্রীও এতে সম্মত।’

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক জানান, অভিযোগ পাওয়ার পরপরই আইনুল হককে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং আজ সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed