সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালু হলো।
রোববার (২৭ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে ৩৩৭ মডেলের কার্গো ফ্লাইটটি ৬৬ টন গার্মেন্টস পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিয়েছে।স্পেনের বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের জন্য ফ্লাইটিতে প্রায় ৬৬ টন তৈরি পোশাক পরিবহন করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনা করবে সিভিল অ্যাভিয়েশন। ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা দেয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন।
ঐতিহাসিক এই মুহুর্তের মধ্য দিয়ে দেশের রপ্তানী বাণিজ্যের সাথে সিলেটের নাম যুক্ত হলো। রোববার সন্ধ্যা ৭টায় কার্গো ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ওসমানী বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভারতের চেয়ে অনেক কম খরচে রফতানিকারকদের কার্গো সেবা দিতে কাজ করছে সরকার।
উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর প্রথম কার্গো সার্ভিস চালু হলো ঢাকার বাইরে।এটি সিলেটবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু হওয়া নিঃসন্ধেহে যুগান্তকারী প্রদক্ষেপ। ফ্যাসিস্ট সরকার আমাদের নিজস্ব চিন্তা চেতনা নষ্ট করে পরনির্ভরশীল করে রেখেছিল।
তিনি বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর স্বল্প সময়ে সবার সহযোগিতায় অভ্যন্তরীণভাবেই সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে।
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর দ্রুত সময়ে পণ্য রফতানির সক্ষমতার নতুন দুয়ার হিসেবে চালু হলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যাক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। স্বাগত বক্তব্য রাখেন এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ম্যাক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, সিলেটবাসীর প্রাণের দাবি ছিল একটি কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দরের। সিলেটবাসী এই দাবি নিয়ে হরতাল পর্যন্ত করেছেন। সিলেটবাসী দীর্ঘদিন থেকে বঞ্চিত ছিলেন। আজকে কার্গো ফ্লাইটের যে যাত্রা শুরু হলো এটি অব্যাহত থাকলে সিলেটবাসী উপকৃত হবেন। সিলেটে উন্নয়নের নামে যে কর্মজ্ঞ হয়েছিল তাতে লুটপাটে মহোৎসব হয়েছে। বর্তমান সরকার সেই লুটপাটের রাস্তা বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই। একসময় এই মালামালগুলো অন্যদেশে গিয়ে এই বিমানের কার্গো হতো। কিন্তু এখন আর অন্যদেশে যেতে হবেনা, আমরা নিজেদের দেশ থেকেই কার্গো করব। আমি আশা করি আপাতত সিলেট থেকে সপ্তাহে অন্তত ২টি কার্গো ফ্লাইট হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন, সিলেটবাসীর দাবি ছিল বিশ্বের সব দেশে সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু করার। এটি আজ বাস্তাবায়ন হলো। সিলেট থেকে কার্গো ফ্লাইট চালু হওয়ার ফলে ঢাকার উপর চাপ কমে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এফবিসিসিআই’র সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ, যমুনা ওয়েল লিঃ এর পরিচালক সালেহ আহমদ খছরু, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরী, এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানম এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূইয়া বলেন, আজ দেশের রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন হলো। এর মাধ্যমে দেশের রপ্তানিখাতে যুগান্তকারী উন্নতি হবে। আপাতত সিলেট থেকে সপ্তাহে দুটি কার্গো ফ্লাইট যাবে। আমরা ধীরে ধীরে এটি আরো বাড়াবো ইনশাআল্লাহ।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed