Main Menu

সিলেটে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ ঘটনায় মোক্তার হোসেন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে উপজেলার বরম সিদ্দিকপুর এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে এসব জাল নোট উদ্ধার করা হয়। আটক মোক্তার হোসেন ওই এলাকার বাসিন্দা।

এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে এসআরবি-৯, সিপিসিএসসির একটি দল জানতে পারে, বরম সিদ্দিকপুর এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে জাল টাকা লেনদেনের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন।

এ তথ্যের ভিত্তিতে রাত ২টা ২৫ মিনিটে সেখানে অভিযান চালায় আভিযানিক দল। এ সময় দুজন পালানোর চেষ্টা করলে মোক্তার হোসেনকে আটক করা সম্ভব হয়। তবে অপর ব্যক্তি পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক মোক্তার হোসেনের দেখানো মতে তাঁর বাড়ির একটি খাটের তোশকের নিচে রাখা কালো রঙের ব্যাগ থেকে জাল নোটগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা নোটের মধ্যে ১ হাজার টাকা মূল্যমানের ৯৪টি এবং ৫০০ টাকা মূল্যমানের ৯৫টি নোট রয়েছে। সব মিলিয়ে ১৮৯টি নোটের মূল্য ১ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।

অভিযানের সময় মোক্তার হোসেনের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়। এসআরবি-৯-এর দাবি, ফোন দুটি পরীক্ষা করে অনলাইন জুয়ায় অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে মোক্তার হোসেন জানিয়েছেন, তিনি ও পালিয়ে যাওয়া ব্যক্তি জাল নোটের লেনদেনে জড়িত ছিলেন। পাশাপাশি তাঁরা মুঠোফোনে অনলাইন জুয়ায় অংশ নিতেন।

এ তথ্যটি নিশ্চিত করে এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা জাল নোটসহ জব্দ করা আলামত কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed