Main Menu

বালাগঞ্জে অটোরিকশার চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশু আরাফাতের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরাফাত সানি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের রহমতপুর গ্রামে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত সানি রহমতপুর গ্রামের জাকির আহমদের ছেলে। সে স্থানীয় চরসুবিয়া জাগরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য তুরন মিয়া, নিহতের চাচা সুবেদ আহমদসহ গ্রামবাসীরা জানান, রোববার সকাল সাড়ে ১১টার দিকে আরাফাত নিজ বাড়ির সামনে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় বালাগঞ্জের দিকে যাওয়ার পথে রেজিস্ট্রেশন নম্বরবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ ইমতিয়াজ ভূইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।

এদিকে সাত বছর বয়সী শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share





Related News

Comments are Closed