Main Menu

মসজিদ দেখতে সাইকেলে ২০৬ কিলোমিটার পথ পাড়ি বৃদ্ধের

বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরা থেকে সিরাজগঞ্জের বেলকুচি, প্রায় ২০৬ কিলোমিটার পথ। দীর্ঘ এ পথ বাইসাইকেল চালিয়ে এলেন ৮০ বছরের বৃদ্ধ আব্দুল হোসেন। উদ্দেশ্য ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ‘আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ’-এ দুই রাকাত জুমার নামাজ আদায়।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে প্রিয় মসজিদে নামাজ আদায় করেন বৃদ্ধ আবুল হোসেন। এর আগে ৬৪ ঘণ্টার বাইসাইকেল ভ্রমণ শেষে গত বুধবার আসরের নামাজের আগে তিনি মসজিদে এসে পৌঁছান।

এ সময় উপস্থিত ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় মুসল্লিরা তাকে স্বাগত জানান। বৃদ্ধ আবুল হোসেন মাগুরা জেলার আঠারোখাদা গ্রামের বাসিন্দা। তিনি ৪ ছেলে ও ৫ মেয়ের জনক।

স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিনন্দন ‘আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের’ ভিডিও চিত্র দেখেন বৃদ্ধ আবুল হোসেন। আর তখনই সিদ্ধান্ত নেন এই মসজিদে দুই রাকাত জুমার নামাজ আদায় করবেন। গত সোমবার ফজরের নামাজ শেষে মাগুরা থেকে সাইকেলযোগে রওয়ানা হন তিনি। ৬৪ ঘণ্টার ভ্রমণ শেষে বুধবার বিকেলে বেলকুচি এসে পৌঁছান।

বৃদ্ধ আবুল হোসেন শেখ বলেন, দুই সপ্তাহ আগে আমি ফেসবুকে দৃষ্টিনন্দন এই মসজিদের ভিডিও দেখেছি। তখনই এটিকে বাস্তবে দেখার এবং এই মসজিদে জুমার নামাজ আদায়ের ইচ্ছে জাগে। এখানে আসার পর সবাই আমাকে অনেক সমাদর করছেন। আজ জুমার নামাজ আদায় করেছি। আজকেই বাড়ির উদ্দেশে রওয়ানা হব।

আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম কিবরিয়া বলেন, ৮০ বছরের বৃদ্ধ আবুল হোসেন বাইসাইকেল চালিয়ে এতটা পথ আসতে পেরেছেন ঈমানের জোরে। মহান আল্লাহর কাছে দোয়া করি তার মতো সব মুসলমানের যেনো ঈমানি শক্তি তিনি বাড়িয়ে দেন।

 

Share





Related News

Comments are Closed