Main Menu

মাধবপুরে মাদকের কর্মকর্তাকে পিটিয়ে আসামী ছিনতাই

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে পিটিয়ে হ্যান্ডকাপসহ আটককৃত আসামীকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়িরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া হ্যান্ডকাপটি উদ্ধার করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তারা বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন। আহতরা হলেন- হবিগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিদর্শক রতন চন্দ্র গোস্বামী, সিপাহী তাপস চন্দ্র বৈঞ্চব ও সাদ্দাম হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি তুফানকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় তারা তুফানকে আটক করে নিয়ে আসার সময় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ি চক্র তাদের ওপর হামলা চালায়। চক্রটি অধিদপ্তরের তিন কর্মকর্তাকে পিটিয়ে হ্যান্ডকাপসহ তোফানকে ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। রাত ৮টার দিকে তেলিয়াপাড়া বাগান থেকে ছিনতাই হওয়া হ্যান্ডকাপটি উদ্ধার করে।

এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বাগানে চোলাই মদ জব্দের সময় শ্রমিকরা তাদের ওপর হামলা চালিয়েছে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় চার মাদক ব্যবসায়ির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এমদাদুল্লাহ। তবে গ্রেপ্তারের স্বার্থে আসামীদের নাম প্রকাশ করতে চাচ্ছি না।

হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আমল জানান, চক্রটির সবাই চিহ্নিত মাদক ব্যবসায়ী। ফেনসিডিলের একটি চালান জব্দ করতে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করে। তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

Share





Related News

Comments are Closed