সিলেটে দুই ফেসবুক প্রতারক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরের জাফরান খান (১৯) ও তারেক হোসেন (২১) দুজন একে অপরের ঘনিষ্ট বন্ধু। দীর্ঘদিন থেকে তাদের একই সাথে পথচলা। স্কুলের গন্ডি পার না হলেও সাইবার অপরাধে তারা দুজনই পোক্ত। মানুষের মানবিকতাকে পুঁজি করে নামে-বেনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।
ফেসবুকে তাদের এমন অপতৎপরতার দিকে চোখ পড়ে বিশেষায়তি সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর। দীর্ঘদিন তাদের উপর নজর রাখার পর শুক্রবার (৯ জুলাই) পিবিআই’র একটি দল তাদেরকে ওসমানীনগর এলাকা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় পিবিআই’র এসআই লিটন চন্দ্র বাদী হয়ে ওসমানীনগর থানায় শনিবার (১০ জুলাই) গ্রেফতারকৃত জাফরান ও তারেকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ওসমানীনগর থানাধীন ইলাশপুর দক্ষিণ গ্রমের মৃত আব্দুল গিয়াস খানের ছেলে জাফরান খান (১৯) ও একই থানাধীন নিজ করনসী (উত্তর পাড়া) গ্রামের সুফি মিয়ার ছেলে তারেক হোসেন (২১)।
পিবিআই জানায়, গত বছরের ৭ ডিসেম্বর Muhima Begum নামের একটি ফেসবুক আইডিতে একটি শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্য চেয়ে প্রচার করা হয়। ওই আইডিতে সাহায্য পাঠানোর জন্য একটি বিকাশ নাম্বারের মাধ্যমে মানুষের সরলতার সুযোগে প্রতারক চক্রটি হাতিয়ে নেয় টাকা। এছাড়া বিভিন্ন সময়ে একই কৌশলে চক্রটি একাধিক ফেসবুক আইডির মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তির ছবি ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে কয়েকদফায় হাতিয়ে নিয়ে ছিলো টাকা। তাদের প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পিবিআই’র একটি দল তাদেরকে গ্রেফতার করার পর তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করে। এরপর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান জানান, শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও জাফরান ও তারেক দুজনই সাইবার প্রতারণা সম্পর্কে ধারণা ছিলো খুবই বেশী। সেই সাথে তারা খুব কৌশলে কাজ করতো। অসুস্থ শিশুসহ বিভিন্ন মানুষের ছবি ব্যবহার করে তারা সাহায্য চেয়ে ফেসবুকে প্রচার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা টাকা হাতিয়ে নিয়েছে। সেই প্রমাণ পিবিআই পেয়েছে। কত টাকা হাতিয়ে নিয়েছে সে হিসেব জানতে চেয়ে আদালতের মাধ্যমে বিকাশ ও নগদ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed