Main Menu

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা হিমালয়ের কন্যা পঞ্চগড়ে গত দু’সপ্তাহ ধরে হ্রাস পাচ্ছে তাপমাত্রা। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় শীতের দাপট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে।

আবহাওয়া অফিস জানায়, হিমালয়ের অতি নিকটে পঞ্চগড় অবস্থিত হওয়ায় সারাদেশের মধ্যে পঞ্চগড়ে শীতের তাপমাত্রা নিম্ন থাকে এবং মৌসুমে এ জেলায় প্রথমে শীত নেমে যায়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও শীত পড়ে আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আলো দেখা গেলেও শীতের তীব্রতা যেন থেকেই যাচ্ছে। তাপমাত্রা এ কয়েক দিনে আরও হ্রাস পাবে বলে আবহাওয়া অফিস জানায়।

শীত থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষজন দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, পঞ্চগড়ে কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

 

Share





Related News

Comments are Closed