Main Menu

ফকির দুর্বিন শাহ’র ৯৯তম জন্ম বার্ষিকী আজ

ছাতক প্রতিনিধি : ফকির বাউল সাধক দুর্বিন শাহ এর ৯৯তম জন্ম বার্ষিকী আজ সোমবার। বাউল ও সুফি সাধকদের কাছে জ্ঞানের সাগর হিসেবে পরিচিত সুফিপন্থী ও মারফতি মতে বিশ্বাসী দুর্বিন শাহ ১৯২১ খ্রিষ্টাব্দ এর ২ নভেম্বর ছাতকের সুরমা নদীর উত্তর পারে নোয়ারাই গ্রামের তারামনি টিলায় (দুর্বিন টিলা) জন্মগ্রহণ করেন। এই তারামনি টিলা বর্তমানে দুরবীন টিলা নামে পরিচিত। তার পিতা সফাত আলি শাহ ছিলেন একজন সুফি সাধক এবং মা হাসিনা বানু ছিলেন একজন পিরানী।

দুর্বিন শাহ এর অধিকাংশ গানে সুফি ও মরমিবাদ যথেষ্টভাবে ফুটে উঠলেও এসবের বাইরে ভিন্ন মেজাজের অসংখ্য গান তিনি লিখেছেন। শ্রেণী বিভাজন করলে এসব গানগুলোকে বাউল, বিচ্ছেদ, আঞ্চলিক, গণসংগীত, মালজোড়া, জারি, সারি, ভাটিয়ালি, গোষ্ঠ, মিলন, রাধা-কৃষ্ণ বিষয়ক পদাবলী, হামদ-নাত, মারফতি, পির-মুর্শিদ স্মরণ, আল্লা স্মরণ, নবি স্মরণ, ওলি স্মরণ, ভক্তিগীতি, মনঃশিক্ষা, সুফিতত্ত¡, দেহতত্ত¡, কামতত্ত¡, নিগূঢ়তত্ত¡, পারঘাটাতত্ত¡, দেশের গানসহ বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এছাড়া বিবিধ শিরোনামে তার রচিত আরো বিভিন্ন পদাবলীকে চিহ্নিত করা যেতে পারে। তিনি ১৯৬৭ সালে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে ইংল্যান্ড গিয়েছিলেন। তার অন্যতম সফর সঙ্গী ছিলেন বাউলসাধক শাহ আবদুল করিম।

১৯৭৩ সালে ঋত্বিক ঘটক তাঁর বিখ্যাত সিনেমা ‘যুক্তি তক্কো গপ্পো’তে দুর্বিন শাহের জনপ্রিয় সাধন সঙ্গীত নামাজ আমার হইল না আদায় ব্যবহার করেন।

ফকির দুর্বিন শাহ মুক্তিযদ্ধের সংগঠক ছিলেন, তিনি ১৯৭০ সালে ছাতকের নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

তার রচিত গানের গ্রন্থের মধ্যে রয়েছে প্রেমমসাগর পল্লীগীতি প্রথম খন্ড (১৯৫০),
প্রেম সাগর পল্লীগীতি দ্বিতীয় খন্ড (১৯৫০), প্রেমসাগর পল্লীগীতি তৃতীয় খন্ড (১৯৬৮),
প্রেমমসাগর পল্লীগীতি চতুর্থ খন্ড (১৯৬৮), পাক বঙ্গ ভাগ্য নিয়ন্ত্রণ গীতি (১৯৭০),
প্রেমসাগর পল্লীগীতি পঞ্চম খন্ড (১৯৭৩ ও দুর্বিন শাহ সমগ্র (২০১০)। তিনি ৫৭ বছর বয়সে ১৯৭৭ খ্রিষ্টাব্দের ১৫ই ফেব্রæয়ারি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

ছাতক উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি সূত্র জানায়, এবার করোনা পরিস্থিতির জন্য ফকির দুর্বিন শাহর ৯৯তম জন্মবার্ষিকী সীমিত আয়োজনের মধ্যদিয়ে পালিত হবে। ২০২১ সালে এই সুফি সাধকের ১শ’ তম জন্ম বার্ষিকী সুনামগঞ্জ জেলা প্রসাশন, জেলা শিল্পকলা একাডেমি, ছাতক উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে পালন করা হবে।

Share





Related News

Comments are Closed