যশোর সীমান্তে ‘নিরাপত্তা শিল্ড’ বিজিবির, অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত এলাকা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ব্যাটালিয়ন। পাশাপাশি অবৈধ অস্ত্রের প্রবেশ প্রতিরোধসহ ফেরারি আসামিদের সীমান্ত পারাপার ঠেকাতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি অতিরিক্ত ৩০টি চেকপোস্ট বসানো হয়েছে।
নজরদারি জোরদার করতে টহলদল নাইট ভিশন বাইনোকুলার, নাইট গগলসসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করছে। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট ও সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি থার্মাল ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে ৪৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘নানা অপকৌশলে’ আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। পালানোর পর তাঁদের বেশিরভাগই কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। কলকাতা ও পশ্চিমবঙ্গের সঙ্গে যশোর ও সাতক্ষীরার সীমান্ত থাকায় এসব এলাকা দিয়ে দলটির নেতাকর্মীরা অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে ৪৯ ব্যাটালিয়নের আওতাধীন সব সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় জনগণের সম্পৃক্ততায় সীমান্তে দিন-রাত টহল আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্ত দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, আগামীতেও দেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের অনুপ্রবেশ রোধে সীমান্তে ‘নিরাপত্তা শিল্ড’ গড়ে তোলা হয়েছে। এ সময় যশোর ৪৯ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
যশোর সীমান্তে ‘নিরাপত্তা শিল্ড’ বিজিবির, অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত এলাকা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কারRead More
নারী এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামেরRead More



Comments are Closed