Main Menu

বৌলাই নদীতে লাকড়ি ধরতে গিয়ে মহিলা নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি: পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুরের বৌলাই নদীর স্রোতের তোড়ে ভেসে গিয়ে রোজিনা বেগম (৩০) নামের এক মহিলা নিখোঁজ হয়েছেন।

উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের সামনে দিয়ে বয়ে চলা বৌলাই নদীতে বৃহস্পতিবার দুপুরে ওই মহিলা নিখোঁজ হন।

রোজিনা উপজেলার বালিজুড়ি মডেল ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের শ্রমজীবী জয়নাল আবেদীনের স্ত্রী ও চার সন্তানের জননী।

নিখোঁজ রোজিনার স্বামী জয়নাল আবেদীন জানান, গ্রামের অন্যান্য লোকজনের দেখাদেখি বাড়ির পাশে বয়ে চলা বৌলাই নদীতে ওপারের পাহাড়ি ঢলের সাথে ভেসে আসা লাকড়ি ধরতে বৃহস্পতিবার দুপুরে নদীতে নামেন রোজিনা।

এসময় প্রবল বেগে ধেয়ে আসা পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে মুহুর্তেই ভেসে গিয়ে নদীতেই নিখোঁজ হন রোজিনা।

এদিকে গ্রামের স্থানীয় লোকজন বৃহস্পতিবার মধ্যরাত অবধি ছোট ছোট ট্রলার নিয়ে বৌলাই নদীতে রোজিনার সন্ধান চালায়।

প্রবল বৃষ্টিপাতের কারনে মধ্যরাতের পর উদ্ধার তৎপরতা বন্ধ করে দেন গ্রামবাসী।

শুক্রবার তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে নিখোঁজ মহিলার সন্ধান কাজে থাকা গ্রামবাসীকে সহযোগীতার জন্য তাৎক্ষণিকভাবে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।

বৈরী আবহাওয়া ও নদীতে প্রবল স্রোতের কারনে হতাহতের আংশকায় সন্ধান কাজ রাতে বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে পুলিশ গ্রামবাসীকে নিয়ে নদীতে পুন:রায় নিখোঁজের সন্ধান কাজ চালিয়ে যাচ্ছে।

Share





Related News

Comments are Closed