সিলেটে যেভাবে সোনালী ব্যাংকের ৩৪ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক প্রবীণ আইনজীবীর মোবাইল ফোন হ্যাক করে তাঁর ব্যাংক হিসাব থেকে ৩৪ লাখ ৫৯ হাজার ৭৪০ টাকা সরিয়ে নেওয়া হয়। ডিজিটাল লেনদেনের মাধ্যমে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার ওই হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়া হয় ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবে। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট হিসাবগুলো ব্লক করা হয়েছে। এসব হিসাবের তথ্য পুলিশের কাছে হস্তান্তর করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজার সংবাদ সম্মেলন করে হিমাংশু আচার্য্য এসব তথ্য জানান।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সোনালী ব্যাংকের কর্মকর্তারা যেভাবে ডিজিটাল পদ্ধতিতে গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে টাকা চুরি করে প্রতারকচক্র তার বর্ণনা দেন। তারা জানান, ব্যাংকের আইটি টিমের তদন্তে জানা গেছে, প্রতারক চক্রটি প্রথমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আইনজীবীর বিশ্বাস অর্জন করে। গত ৩ অক্টোবর ০১৩৪৬৯৫৪৪৬৮ নম্বর থেকে শিক্ষা-সংক্রান্ত বিষয়ে তথ্য চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সরল বিশ্বাসে তিনি প্রয়োজনীয় তথ্য দিলে চক্রটি তাঁর জাতীয় পরিচয়পত্র, ই-মেইল, বাবা-মায়ের নাম ও জন্মতারিখসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়।
এরপর গত ২ নভেম্বর সোনালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ইনস্টল করার কথা বলে তাঁর সঙ্গে যোগাযোগ করে প্রতারক চক্র। ব্যাংকের কল সেন্টার থেকে পরিচয় নিশ্চিত করতে যেসব তথ্য জানতে চাওয়া হয়, প্রতারকরা সেগুলোর সঠিক উত্তর দিতে সক্ষম হয়। ফলে অ্যাপটি ইনস্টল করা হয়।
ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য, এর পরপরই প্রতারক চক্রটি কৌশলে তাঁর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে কিউআর কোড ব্যবহার করে ওই ফোনের মাধ্যমেই বিভিন্ন হিসাবে টাকা স্থানান্তর করা হয়। ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে একাধিক লেনদেনে ৯টি ব্যাংক ও একটি সিকিউরিটিজ প্রতিষ্ঠানের হিসাবে অর্থ সরিয়ে নেওয়া হয়। এর আগে এই চক্র গত ৩ অক্টোবর তাঁর বিকাশ হিসাব হ্যাক করে ২০ হাজার টাকা নিয়ে যায়। এসময় তারা গ্রামীণফোনের মাইজিপি এ্যাপস ব্যবহার করে প্রতারক চক্র ব্যাংক থেকে তার মোবাইল নাম্বারে ক্ষুদে বার্তা আসা বন্ধ করে দেয়। ফলে এই নাম্বার থেকে টাকা উত্তোলনের বিষয়টি গ্রাহক জানতে পারেনি।
এদিকে, গত ৯ নভেম্বর ২০ হাজার টাকার একটি চেক দিয়ে এক ব্যক্তিকে ব্যাংক থেকে টাকা তুলতে পাঠান ড. দিলীপ কুমার। কিন্তু ব্যাংক থেকে জানানো হয়, তাঁর হিসাবে কোনো টাকা নেই। পরে ব্যাংকে গিয়ে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে প্রায় ৪০ দফায় তাঁর হিসাব থেকে ৩৪ লাখ ৫৯ হাজার ৭৪০ টাকা সরিয়ে নেওয়া হয়েছে।
ভুক্তভোগী দিলীপ কুমার জানান, তিনি কখনো কোনো ডিজিটাল ব্যাংকিং অ্যাপ বা ই-ওয়ালেট ব্যবহার করেননি। আজীবন শুধু চেকের মাধ্যমেই ব্যাংকিং লেনদেন করেছেন। এমনকি তাঁর হিসাব থেকে টাকা স্থানান্তরের বিষয়ে মোবাইল ফোনে কোনো এসএমএস বা বার্তাও পাননি।
এ ঘটনায় তিনি সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এবং সিলেট কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ব্যাংক কর্মকর্তারা জানান, অর্থ যেসব হিসাবে স্থানান্তর করা হয়েছে, সেগুলো ভুয়া কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট হিসাবগুলো ইতোমধ্যে ব্লক করা হয়েছে এবং সেগুলোর বিস্তারিত তথ্য পুলিশের কাছে দেওয়া হয়েছে।
যে যে একাউন্টে উক্ত অর্থ স্থানান্তরিত হয়েছে, Islami Bank Bank PLC A/C: 2050 7 7 7 0 2357 876, ETBL Securities & Ex. Limited. A/C: 2001260004383, City Bank PLC A/C: 2225057280001 ও A/C: 2304643216001, Pubali Bank PLC, A/C: 6484101076226. Prime Bank PLC A/C: 2121211016951, A/C: 2901226023337, A/C: 2901222022614, A/C: 2901226022198, A/C: 2901221024561, NRBC Bank PLC, A/C: 519631100007551, NRB Bank PLC A/C: 126101000 2824, NCCB PLC A/C: 00150310042435.
Related News
সিলেটে যেভাবে সোনালী ব্যাংকের ৩৪ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারকচক্র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক প্রবীণ আইনজীবীর মোবাইল ফোন হ্যাক করে তাঁর ব্যাংক হিসাব থেকেRead More
সমাজতন্ত্রের সংগ্রাম বেগবান করুন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: বাসদ এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষেRead More



Comments are Closed