Main Menu

গোলাপগঞ্জে বিএনপির একক প্রার্থী মহিউস সুন্নাহ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার উপনির্বাচনে দলের একক প্রার্থী হিসেবে জেলা বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসকে চুড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে গোলাপগঞ্জ চৌমুহনীর অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির সভাপতিত্বে ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

সভায় ১৬ জন প্রার্থীর নাম প্রস্তাব করা হলেও আলোচনার এক পর্যায়ে নাম এসে ঠেকে ৮ জনে। মধ্যরাত পর্যন্ত আলোচনার পর অবশেষে মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসকে সমর্থন করে বাকি ৭ জন তাদের নাম প্রত্যাহার করে নেন।

তবে, পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন দলীয় প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আওয়ামীলীগ নেতা সিরাজুল জব্বার চৌধুরী গত ৩১ মে মৃত্যু বরণ করলে শূন্য হওয়া মেয়র পদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত সোমবার সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ও গোলাপগঞ্জ পৌরসভার উপনির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা খুরশেদ আলম এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ৯ সেপ্টেম্বর; ১০ সেপ্টেম্বর বাছাই; ১৭ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

Share





Related News

Comments are Closed