সাইফুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৯ম মৃত্যু বার্ষিকী আজ বুধবার। ৯ম মৃত্যুবাষির্কী উপলক্ষে নানা কর্মসূচী পালন করবে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের মৌলভীবাজারস্থ পরিবার ও তার রাজনৈতিক সংগঠন বিএনপি।
১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দান গ্রামে সাইফুর রহমানের জন্ম। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। মাত্র ছয় বছর বয়সে তার পিতা মারা যান। সে সময়ে তার অভিভাবকত্ব গ্রহণ করেন চাচা মোহাম্মদ সফি মিয়া। শিক্ষাজীবন, গ্রামের মক্তব ও পাঠশালা শেষ করে তিনি ১৯৪০ সালে জগৎসী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। এরপর ১৯৪৯ সালে কৃতিত্বের সঙ্গে মেট্রিকুলেশন পাস করেন। সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাস করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেন।
এরপর তিনি ব্যারিস্টারি পড়ার ইচ্ছা নিয়ে লন্ডনে যান। সেখানে পৌঁছার পর মত পাল্টে যায় তার। ব্যারিস্টারি পড়ার পরিবর্তে পড়েন চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে (সিএ)। ১৯৫৩-৫৮ সময়কালে পড়াশোনার পর ১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ফেলোশিপ অর্জন করেন। এছাড়া তিনি আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষাগ্রহণ করেন।
১৯৬০ সালের ১৫ জুলাই চট্টগ্রামের শিল্পপতি ও সাবেক মন্ত্রী এম মোরশেদ খানের বোন বেগম দুররে সামাদ রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে। তিনি ১৯৭৯ সালে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে এম সাইফুর রহমান ওই বছরের ২০ মার্চ থেকে ১৯৯৬ সালের ৩০ মার্চ পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি আবার মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) এবং সিলেট-১ (সদর-কোম্পানীগঞ্জ-১) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করার পর সাইফুর রহমান অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান।
অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করে রেকর্ড করেন সাইফুর রহমান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি তিন ছেলে ও এক কন্যাসন্তানের জনক ছিলেন। ২০০৩ সালে তার স্ত্রী দুররে সামাদ রহমান ইন্তেকাল করেন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বাহারমর্দন থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে সড়ক পথে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন খ্যাতিমান এই অর্থনীতিবিদ। শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দানের নিজ বাড়িতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, তার বাবা সবসমই মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করতেন। বৃহত্তর সিলেটে তিনি যে দৃষ্টান্তকারী উন্নয়ন করে গেছেন এটিই তার বড় প্রমাণ। সাইফুর রহমান মানুষের হ্রদয়ে ঠাঁই পেয়েছেন মানুষের কল্যাণে করা উন্নয়নমূলক কাজের স্বীকৃতি পেয়েছেন। তিনি মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া চান।
মরহুমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর গ্রামের বাড়িতে (সদর উপজেলার বাহারমর্দনে) মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, কোরাআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, শিরনী বিতরন ও স্মৃতি পরিষদের উদ্যোগে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ বৃক্ষ রোপন আয়োজন করেছেন। এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদ ছাড়াও দলীয়ভাবে বিএনপির স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা সকালে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল,দোয়া ও আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালন করবেন বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বুধবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের আনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল।
এদিকে সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদে বাদ মাগরিব সিলেট জেলা ও মহানগর জাসাসের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে জাতীতাবাদী দল বিএনপি, মুক্তিযোদ্ধা দল, জাসাস, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সিলেট জেলা জাসাস’র সভাপতি জসিম উদ্দিন, মহানগর সভাপতি মুছা রেজা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, মহানগর সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম।
অপরদিকে, বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সাবেক সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বিকালে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দানে এম সাইফুর রহমান ও দুররে সামাদ ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের খাদ্য বিতরণসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রার্থণার আহবান জানালেন মেয়র আরিফ
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী ৫ সেপ্টেম্বর বুধবার। বাংলাদেশের গর্ব, সিলেটের কৃতিসন্তান এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে তাঁর রুহের মাগফেরাত কামনা করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী।
এক বিবৃতিতে তিনি এম সাইফুর রহমানকে ‘সিলেট দরদী’ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, মৃত্যুর নয়টি বছর পেরিয়ে গেলেও এখনও সাইফুর রহমানের নাম এবং উন্নয়ন গাঁথা সিলেটের মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। তাঁর তুলনা শুধুমাত্র তিনিই। সিলেটের উন্নয়নে তার অবদান এতদঞ্চলের মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এম সাইফুর রহমানের নবম মৃতুবার্ষিকী উপলক্ষে আরিফুল হক চৌধুরী সিলেটের মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপসনালয়ে প্রার্থণা করার জন্য বিনীত আহবান জানান।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed