Main Menu

হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের যাত্রা শুরু বুধবার

বৈশাখী নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলার বহুল প্রত্যাশিত শেখ হাসিনা মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।
আগামীকাল ১০ জানুয়ারি বুধবার সকাল ১০টায় মেডিকেল কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অস্থায়ী ক্যাম্পাসের সামনে বিশাল প্যান্ডেলে জেলার সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে সুধি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
কলেজের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান জানান, আগামীকাল ১০ জানুয়ারি সারা দেশের মেডিকেল কলেজ গুলোতে ক্লাশ শুরু হবে। জেলায় প্রথম মেডিকেল কলেজের যাত্রা শুরু হবে। তাই এ বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিনি জানান, জেলা আধুনিক সদর হাসপাতালের নব-নির্মিত ২৫০ শয্যা ভবনের ৫ম ও ৬ষ্ট তলায় অস্থায়ী ক্যাম্পাস করা হয়েছে।
অ্যাডভোকেট মো. আবু জাহির জানান, ইতোমধ্যে কলেজের সাইনবোর্ড লাগানো হয়েছে। জেলায় শেখ হাসিনা ও তার পরিবারের কোন ব্যাক্তির নামে প্রথম প্রতিষ্ঠান এই মেডিকেল কলেজ। হবিগঞ্জ জেলায় বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এই নামকরন করা হয়েছে।
২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে আওয়ামী লীগের বিশাল জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি জনগণের পক্ষে হবিগঞ্জে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যায়, শায়েস্তাগঞ্জকে উপজেলা ও বাল্লা স্থলবন্দর আধুনিকায়ন করার দাবি জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দাবির পরিপ্রেক্ষিতে একটি মেডিকেল কলেজ, একটি কৃষি বিশ্ববিদ্যালয়, শায়েস্তাগঞ্জকে উপজেলা ও বাল্লা স্থলবন্দরকে আধুনিকায়নের ঘোষণা দেন।

Share





Related News

Comments are Closed