Main Menu

জাফলংয়ে মাটি চাপায় ৫ শ্রমিক নিহতের ঘটনায় মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনের গর্তে মাটি চাপায় ৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গোয়াইঘাট থানায় ১৫ জনের নাম উল্লেখ করে ও ৭-৮ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মামলাটি দায়ের করেন নিহত জহুর আলীর মেয়ে জাকিরুন বেগম। মামলা নং-০১ (তাং ০৩/০১/১৮)।
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনের গর্তে মাটি চাপা পড়ে ১ নারীসহ ৫ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
মাটি চাপায় নিহতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামের মফিজ উল্লাহর পুত্র নুর মিয়া (৫০), হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার ইব্রাহীমের ছেলে জহুর আলী (৬৫), তার ছেলে মোজাহিদ (২২) ও তার কন্যা শাকিরুন (২৬) ও হবিগঞ্জের বানিয়াচঙ্গের তাজ উল্যার পুত্র সাদেক মিয়া (৪০)। এ ঘটনায় হেলাল মিয়া ও মিজানুর রহমান নামের দুজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জাফলংয়ের মন্দিরের জুম এলাকা থেকে পাথর খেকো একটি চক্র অবৈধ পন্থায় পাথর উত্তোলন করে আসছিল।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে স্থানীয় নয়াবস্তি গ্রামের সাত্তার মিয়া, হেলাল মিয়া, আলীম উদ্দিন, নান্নু মিয়া ও খালেক গংদের গর্ত থেকে পাথর উত্তোলন করার সময় হঠাৎ করে পাড় ধসে ৭ জন শ্রমিক মাটি চাপা পড়ে।
এসময় ঘটনাস্থলেই এক নারীসহ ৪ শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আরও ৩ শ্রমিক আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে আরো এক শ্রমিক মারা যায়।
খবর পেয়ে গোয়াইনঘাটের থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় নিহতদের উদ্ধার করে লাশের প্রাথমিক প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
গোয়াইনঘাট থানার ওসি দেলোওয়ার হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় ১৫ জনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত করে মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্র্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
এর আগে গত বছরের ১৩ নভেম্বর একই গর্তে মাটিচাপা পড়ে চম্পা রানী দাশ নামের এক কিশোরী শ্রমিক নিহত হয়। এর প্রায় দেড় মাস পর ফের একই গর্তে ৫ জনের মৃত্যু ঘটল।

Share





Related News

Comments are Closed