Main Menu

শাহজাহানপুরে কাভার্ডভ্যান-বাসের সংঘর্ষে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হন কমপক্ষে ২৫ জন। তৎক্ষনিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আজ সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ও ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশুতোষ মিত্র এ তথ্য জানিয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী সিফাত ট্রেডিং কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-১৫-১৪৯৫) সোমবার বিকাল ৩টার দিকে বগুড়ার শাজাহানপুরের নয়মাইল জামালপুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বগুড়া শহরের আন্তঃথানা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা ধুনটগামী একটি বাসের (বগুড়া-ব-৪৬৬৬) মুখিমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালক নিহত এবং অন্তত ২৮ জন আহত হন।

পরে স্থানীয় জনগণ, ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে দুই নারীসহ তিন জন মারা যান। দুর্ঘটনার পর ভ্যান ও বাস মহাসড়কে থাকায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে ফেললে চলাচল স্বাভাবিক হয়।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশুতোষ মিত্র বলেন, হাসপাতালে ভর্তির পর দুই নারীসহ তিন বাসযাত্রী মারা গেছেন। পুলিশ কর্মকর্তারা বলেছেন, আহত অনেকের অবস্থা আশংকাজনক। হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

কেউ কেউ বলেছেন, নিহত ভ্যান চালকের নাম ভোলা; তিনি সৈয়দপুরের বাসিন্দা।
তবে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিনের দাবি, সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন।

Share





Related News

Comments are Closed