Main Menu

রান্না ছাড়াই পাবেন ভাত

বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালি মানেই পেট ভরে ভাত। গরম হলে তো কথাই নেই পান্তা হলেও চলবে। বর্তমান সময় স্বাস্থ্য সচেতন বাঙালি রাতে রুটি খেলেও দু’বেলা ভাত খেতে বেশি পছন্দ করে। কিন্তু বিপত্তি হচ্ছে ভাত রান্না নিয়ে। অনেকেই রয়েছেন যারা দু’বেলা ভাত রাঁধেন না। কেউ কেউ রান্নার ভয়ে বাসায় খাওয়াই ছেড়ে দিচ্ছেন।

ঠাণ্ডা পানিতে দিব্যি তৈরি ভাত? শুনেছেন কখনও? না শুনে থাকলেও, এবার তা খাবার সুযোগ মিলবে। কারণ নতুন বছরে কৃষি বিজ্ঞানীদের উপহার কোমল ধান। এই ভাত রান্না করতে লাগবে না কোনও জ্বালানি। বাঁচবে সময়ও।

কোমল। নামেই পরিচয়। কোনও জ্বালানির প্রয়োজন নেই। ভয় নেই হাত পোড়ার। আধ ঘণ্টা ঠাণ্ডা পানিতে ভিজিয়ে রাখলেই ফুলে উঠবে এই ধানের চাল। সবজি, মাছ-মাংস দিয়ে সেভাবে খাওয়া না গেলেও, দই-গুড় দিয়ে অনায়াসেই খেতে পারেন কোমল ভাত। ভারতের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বিজ্ঞানীরা এই নিয়ে গবেষণা চালিয়েছেন। অবশেষে সাফল্য পেয়েছেন।

কোমল ধান চাষে রাসায়নিক সারও লাগে না। কীটনাশকেরও প্রয়োজন কম। ফলে লাভের মুখ দেখছেন চাষিরাও। কোমল ধান চাষে উৎসাহ যোগাতে উদ্যোগী রাজ্য সরকার। ফলন বাড়লে ভিন রাজ্যে রফতানির ভাবনাও আছে।

নেই জ্বালানি বা সারের খরচ। বাঁচবে সময়। নতুন এই কোমল ধানের ভাত খেতে অপেক্ষা আর মাত্র কিছুদিনের।

Share





Related News

Comments are Closed