Main Menu

মিয়াদের লাশ নিয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাত্রলীগ কর্মী মিয়াদের লাশ নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিয়াদের মরদেহ নিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চৌহাট্টা পয়েন্টে আসার পর সেখানে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা অবরোধের সৃষ্টি করেন।
ছাত্রলীগের হিরন মাহমুদ নিপু গ্রুপের অনুসারীরা এ মিছিল ও অবরোধ করেন। অবশ্য বেলা দেড়টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে। এ সময় ছাত্রলীগ কর্মীদের মাথায় ছিল কাফনের কাপড়। তারা এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর শাস্তি দাবি করে।
এছাড়া, ছাত্রলীগকর্মী মিয়াদ হত্যার প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচী আসছে বলেও জানান তারা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা লাশ নিয়ে মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা দেড়টার দিকে ছাত্রলীগ কর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
এদিকে, নগরীর টিলাগড়ে অভ্যন্তরীন বিরোধে নিহত ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ (২২)-এর ময়না তদন্ত মঙ্গলবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সম্পন্ন হয়। ময়না তদন্তের পর তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তার লাশ জগন্নাথপুরে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এসএমপি’র শাহপরান থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দাফন-কাফনের পর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে মামলা দায়ের করা হবে। এ ঘটনায় আটক ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, সোমবার বিকাল ৩টার দিকে নগরীর টিলাগড় এলাকায় ছাত্রলীগের অপর একটি পক্ষের কর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed