Main Menu

সিলেটে নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে ভেজাল ও নকল পণ্য উৎপাদনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় শাহ জামাল উদ্দিন নামে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, হকার্স মার্কেটের একটি ভবনের চতুর্থ তলায় গোপনে বিভিন্ন নিষিদ্ধ ও ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল। বাংলাদেশে নিষিদ্ধ ‘গণচিনি’ নামের একটি উপাদান ব্যবহার করে এসব পণ্য উৎপাদন করা হতো। মূলত প্রত্যন্ত অঞ্চলে যৌন উদ্দীপক হিসেবে এসব পণ্য বিক্রি করা হতো।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম মিশু জানান, এ ধরনের ক্ষতিকর পদার্থ মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। এর ব্যবহারে ইতোমধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। পণ্যের প্যাকেটের গায়ে ‘পাবনা, বাংলাদেশ’ লেখা থাকলেও উৎপাদনের প্রকৃত উৎস ও এর পেছনে জড়িত চক্র সম্পর্কে ব্যবসায়ীরা কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি।

অভিযানে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত শাহ জামাল উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রি এবং বিভিন্ন কোম্পানির ট্রেডমার্ক ও প্যাকেজিং নকল করে মানহীন পণ্য বাজারজাত করার দায়ে অন্য দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জয়নাল আবেদীন, নিরাপদ খাদ্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সিলেট মহানগর পুলিশের একটি দল।

মোহাম্মদ আরিফুল ইসলাম মিশু বলেন, বাজার মনিটরিংয়ের পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ে নিয়মিত সভা-সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরপরও অতি মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী জেনেশুনে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed