Main Menu

সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ মো. আবুল কাশেম (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এয়ারপোর্ট থানার এসআই অর্জুন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল কেওয়াছড়া ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বালুভর্তি একটি টাটা খোলা ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বিশেষ কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে Gardour SAFARI চকলেট, SOBISCO বিস্কুট, BENZO চকলেট, Nestle Munch চকলেট, Classic Soan Papdi, Amul Cool জুসসহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা।

আটক আবুল কাশেম নোয়াখালীর চাটখিল উপজেলার ফতেপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ করা ট্রাক ও ভারতীয় পণ্য পুলিশের হেফাজতে রয়েছে।

Share





Related News

Comments are Closed