এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ এবং অটোগ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। একই সঙ্গে এলপিজি ও অটোগ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন জ্বালানি খাতের এ মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে। বিশেষ করে রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ পরিবারের ব্যয় আরও বেড়ে যাবে।
নেতৃবৃন্দ বলেন, অটোগ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন খাতেও পড়বে। যানবাহনের পরিচালন ব্যয় বেড়ে গেলে পরিবহন মালিক ও শ্রমিকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে। পাশাপাশি গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং পণ্য পরিবহনের খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। এতে যাত্রীসাধারণের যাতায়াত ব্যয় ও নিত্যপণ্যের দাম আরও বেড়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে।
তারা আরও বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, মাত্র ১২টি কোম্পানির হাতে পুরো এলপিজি খাত জিম্মি হয়ে আছে। সিন্ডিকেট ভেঙে বাজারে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার পরিবর্তে সরকার সিন্ডিকেটের মাধ্যমে লুটপাটের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। এর দায়ভার শেষ পর্যন্ত সাধারণ জনগণকেই বহন করতে হচ্ছে।
অবিলম্বে এলপিজি ও অটোগ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বাজারে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed