Main Menu

সিলেটে ছাত্রলীগের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সোবহানীঘাটে সন্ত্রাসী হামলায় দুই ছাত্রলীগ কর্মী আহত হওয়ার ঘটনায় প্রতিবাদে মঙ্গলবার বিকেলে নগরীর চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল সাড়ে চারটার দিকে আম্বরখানা থেকে মিছিল নিয়ে তারা চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশ করে।
‘শিবির’ নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের নেতৃত্বে চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শতাধিক নেতা-কর্মী। পরে প্রতিবাদ সমাবেশ অনুস্টিত হয়।
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় অনুস্টিত সমাবেশে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য এমদাদুল হক জাহেদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক সহ সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে উক্ত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান।

সোমবার বেলা ১টার দিকে দুটি মোটর সাইকেলে এসে হেলমেট পরিহিত চার যুবক ছাত্রলীগের ওই দুই কর্মীর ওপর প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা কুপিয়ে শাহীনের শরীর থেকে তার ডান হাত বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া, তার বাম হাতের একাধিক স্থান ও দুই পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। শাহিনকে ঢাকার পিজি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, ছাত্রলীগ কর্মী আবুল কালাম আসিফের ডান পায়ের গোড়ালিসহ হাত ও পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আসিফকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে ছাত্রলীগ সূত্র জানিয়েছে।
আহত দু’জনই মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার গ্রুপের কর্মী। ছাত্রলীগের দাবি, শিবির এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পর সোমবার বিকেলে ওসমানী মেডিকেল এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রলীগ। তবে, শিবিরের পক্ষ থেকে বিষয়টি নাকচ করে দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed