Main Menu

সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে ছাই

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতবাড়ি পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, ধান-চাল, সার-কীটনাশক, বীজধান, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সবাই কৃষিজীবী।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারালিয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের দাবি, পল্লী বিদ্যুতের মেইন পিলারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা জানায়, প্রথমে একটি বসতঘরে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে গ্রামের ১৫ জন কৃষকের বসতবাড়ি ও ঘরে থাকা প্রয়োজনীয় মালপত্র পুড়ে যায়। আগুনে কৃষিকাজে ব্যবহারের জন্য সংরক্ষিত ধান-চাল, বীজধান, সার-কীটনাশক, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম দুর্ভোগে পড়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় দিরাই পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, বৈদ্যুতিক মেইন লাইন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

তবে এ অভিযোগের বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর দিরাই উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক বলেন, পল্লী বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব সরকার। এ সময় তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দ্রুত তালিকা তৈরি করে সরকারিভাবে পুনর্বাসন ও সার্বিক সহায়তার ব্যবস্থা করা হবে।

Share





Related News

Comments are Closed