Main Menu

সিলেট থেকে হজ ফ্লাইট শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: চারশত আঠারো হজযাত্রী নিয়ে সোমবার সিলেট ছেড়েছে হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইটটি বিকেল সাড়ে চারটায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও দেড় ঘন্টা বিলম্বে সন্ধ্যা ৬টায়  সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।
এ সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মো. ইনামুল বারী। ফ্লাইট ছাড়ার আগে যাত্রীদের উদ্দেশে কথা বলেন তিনি। যাত্রার আগে হজযাত্রীদের নিরাপদ যাত্রা কামনা করে মোনাজাত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এম মোসাদ্দিক আহমেদ। বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব সিলেট জোনের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, বিমানের স্টেশন ব্যবস্থাপক মোল্লা আজিজুর রহমান। উপস্থিত ছিলেন- বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক ও মুখপাত্র শাকিল মেরাজ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৭০৪৭ ফ্লাইটটি এই মৌসুমে সিলেট থেকে এবার প্রথম হজযাত্রী নিয়ে যাচ্ছে। সিলেট থেকে আরো তিনটি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Share





Related News

Comments are Closed