Main Menu

সিলেটে ৫শ’ মেট্রিক টন চাল বরাদ্দের ঘোষণা ত্রাণমন্ত্রীর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বন্যা দুর্গতদের জন্য নতুন করে ৫শত মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। একই সাথে আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের মাঝে দুই হাজার ব্যাগ শুকনো খাবার বিতরণেরও ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন। এর আগে দুপুরে জেলার ফেঞ্চুগঞ্জে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণে অংশ নেন তিনি।
তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। কাজেই, এ নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। মন্ত্রী বলেন, দেশে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে। আর এর মূল কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তন (ক্লাইমেট চেঞ্জ)। বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ আসে, তা আমাদের মোকাবেলা করতে হয়। সরকার বন্যা দুর্গতদের জন্য সম্ভব সবকিছু করবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ কর্মীরা দুর্গত মানুষের পাশে দাঁড়ালেও অন্য দলের নেতা-কর্মীরা ঢাকায় বসে ফাঁকা বুলি আওড়াচ্ছে। তিনি বলেন, মানুষের জন্য কেবল শেখ হাসিনাই কাজ করেন। জনগণের জন্য তার মন কাঁদে। তিনি বলেন, সরকার, প্রশাসন ও আওয়ামী লীগ-তিন দিক এক সাথে তাল মিলিয়ে দুর্যোগ মোকাবেলায় কাজ করছে। এ জন্য ত্রাণ বিতরণ নিয়ে অনিয়মের কোন অভিযোগ উঠছে না।
সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ত্রাণ সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: রিয়াজ আহমদ, বিভাগীয় কমিশনার ড. নাজমানারা খানুম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বক্তব্য রাখেন।

Share





Related News

Comments are Closed