Main Menu

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অবস্থান করছেন প্রেমিকা নাজমুন নাহার রিভা।

উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে উভয় পরিবারের লোকজন মঙ্গলবার (৪ জুলাই) বিয়ে দেয়ার সিদ্ধান্ত নিলেও প্রেমিক রানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্র জানায়, দামুড়হুদার মজলিশপুরের ছানোয়ার হোসেনের কলেজ পড়ুয়া ছেলে রানার সঙ্গে আলমডাঙ্গা উপজেলার বড় গাংনীর আমিনুলের কলেজ পড়ুয়া মেয়ে নাজমুন নাহার রিভার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময়ে তাদের মধ্যে দৈহিক সম্পর্কও হয়েছে।

এক পর্যায়ে রিভাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় রানা। পরে কোনো উপায় না পেয়ে ২ জুলাই রোববার সকালে প্রেমিক রানার বাড়িতে বিয়ের দাবি নিয়ে অবস্থান নেয় রিভা। অবস্থা বেগতিক দেখে রানা আত্মগোপন করে।

এদিকে রানার উপযুক্ত বয়স না হওয়ায় তার পরিবার বিয়ে দিতে রাজী না হলে রিভা সেখানেই অবস্থান নেয়। রিভার পরিবারও বিয়ে দিয়ে সমস্যা সমাধানের তাগিদ দেয়।

পরে রিভার অনড় অবস্থানের মুখে একপর্যায়ে উভয়ের পরিবারের মাঝে সমঝোতা করিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দলিয়ারপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমানসহ স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন ও গণ্যমান্য ব্যাক্তিরা।

তাতে কোনো ফল না হওয়ায় খবর পেয়ে দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) জিএম ইমদাদ, মেয়ের বাবা আমিনুলসহ বেশ কয়েকজন ছেলের বাড়িতে যান।

ওসি তদন্ত জানান, খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। ছেলে পলাতক এবং ছেলের বাবা উপস্থিত না থাকায় কোনো আলোচনা করা সম্ভব হয়নি। তবে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রানাকে হাজির করার জন্য তার বাবা ছানোয়ারকে নির্দেশ দিয়েছেন দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ ফখরুদ্দীন আলম খান।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন জানান, সোমবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টারও বেশি সময় ধরে দামুড়হুদা থানায় উভয়ের পরিবারের উপস্থিতিতে ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনা শেষে ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য করে রানার সঙ্গে রিভার মঙ্গলবার বিয়ে সম্পন্ন করার কথা হয়।

Share





Related News

Comments are Closed