Main Menu

ইলিয়াস নিখোঁজের ৫৭ মাস আজ

মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী নিখোঁজের ৫৭ মাস পূর্ণ হচ্ছে আজ মঙ্গলবার। সপ্তাহ। মাস। বছর। দেখতে দেখতে এভাবে ডায়েরী থেকে ১৭৪০টি দিন চলে গেছে। দীর্ঘ দিনেও সিলেটের বিএনপির এ নেতার খোঁজ পাওয়া যায়নি! সাধারণ মানুষের মনে এখন একটি প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। এ অপেক্ষার শেষ কোথায়? এ প্রশ্নের সদোত্তর দিতে পারছে না কেউ। নিখোঁজের ঘটনার উদ্ধার তৎপরতাও থেমে গেছে। দিনে দিনে সবকিছু যেন অন্য রকম হয়ে যাচ্ছে। সিলেটের বিএনপির প্রভাবশালী এ নেতাকে সরকার গুম করে রেখেছে এমন অভিযোগ শুরু থেকেই করে আসছে বিএনপি। তবে সিলেটের মানুষ আজও ভুলেনি তাদের নেতা ইলিয়াসকে। তার সন্ধান কামনায় চলছে মিলাদ-দোয়া মাহফিল।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী এলাকা থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী ও তাঁর ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলী নিখোঁজ হন।
এদিকে, আজ মঙ্গলবার বাদ আসর ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন জানিয়েছেন।
দীর্ঘ ৫৭ মাসের মাথায় এসেও কান্না থামেনি ইলিয়াস পরিবারসহ নেতাকর্মীদের। ইলিয়াস মাতা সূর্যবান বিবি পুত্রের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি এখন শুকিয়ে গেছে। ঠিক মত চলা ফেরা করতে পারছেন না। কারো কাছে তাঁর এখন কিছু বলা বা চাওয়ার নেই। চোখে মূখে ক্ষোভ আর হতাশার চাপ পরিলক্ষিত হচ্ছে।
এব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, অপেক্ষা আর আল্টিমেটাম দিয়ে প্রায় ৫৭ মাস গেছে। শিগগিরই প্রাণ প্রিয় নেতাকে ফিরিয়ে না দিলে আন্দোলনের ডাক দেয়া হবে।
অপরদিকে, বিশ্বনাথ বিএনপি আর আগের অবস্থানে নেই। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সঙ্গেও যেনো হারিয়ে গেছে বিএনপির অবস্থান। এক সময় বিশ্বনাথের রাজপথে জোরালো অবস্থান ছিল বিএনপির।
বিএনপির জোরালো অবস্থানের কাছে অন্যদলগুলো যেনো অসহায় ছিল। এখন বিশ্বনাথে খেই হারিয়ে ফেলেছে দেশের অন্যতম এই রাজনৈতিক সংগঠনটি। আর এসবের মূলে রয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী। বিশ্বনাথ উপজেলা বিএনপিতে দিন দিন বেড়েছে মতপার্থক্য, রেষারেষি।

Share





Related News

Comments are Closed