Main Menu

আব্দুস সামাদ আজাদের জন্মবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ-এর ৯৫তম জন্ম বার্ষিকী আজ।
এ উপলক্ষে সকাল ১১ টায় মরহুমের কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ মাগরিব ঢাকার লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সুনামগঞ্জ, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আব্দুস সামাদ আজাদ তৎকালীন সিলেট জেলার জগন্নাথপুর থানার ভূরাখালি গ্রামে ১৯২২ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
তিনি ১৯৪০ সালে সুনামগঞ্জ জেলা মুসলিম ছাত্র ফেডারেশন এর সভাপতির দায়িত্ব পালন করেন এবং ১৯৪৬ সালে একই সংগঠনের অবিভক্ত আসামের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে তাঁর সিদ্বান্ত ক্রমে ও নেতৃত্বে প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করা হয় । ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে এমএলএ নির্বাচিত হন এবং আওয়ামীলীগে শ্রম সম্পাদক হিসেবে যোগদান করেন। ১৯৫৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং সর্বদলীয় রাজনৈতিক জোট এনডিএফ এর দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭০ এর নির্বাচনে তিনি আওয়ামীলীগ থেকে এমএলএ নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকের একজন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।
৭৫ পরবর্তী আওয়ামীলীগের পুনর্গঠনে বিশেষ ভুমিকা পালন করেন এবং জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৯০ এর গণঅভ্যুত্থানের এবং ১৯৯৬ এর জনতার মঞ্চের অন্যতম রূপকার ছিলেন তিনি। ১৯৯১ সালে বিরোধী দলীয় উপনেতার দায়ীত্ব পালন করেন।
সুনামগঞ্জ জেলার প্রায় প্রতিটি নির্বাচনী এলাকা থেকে বিভিন্ন সময়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
১৯৯৬ সালে আওয়ামীলীগ মন্ত্রীসভায় সফল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।
২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি মারা যান।

Share





Related News

Comments are Closed