কমলগঞ্জে হামলায় আ.লীগ নেতা আহত, আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : ধলাই নদী থেকে বালি উত্তোলন কাজে ধানি জমির উপর পাইপ স্থাপনে আপত্তি দেওয়া নিয়ে বিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে বালু শ্রমিক ও জমির মালিকের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বালু মহালদার রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুনেল আহমদ তরফদ (৪৫) গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে বিকেলে জুনেল আহমদ এর শতাধিক সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে হামলাকারীদের বাড়ি ঘরে ভাঙ্গচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় দুই নারী লাঞ্চিত হওয়া ছাড়াও নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও পাসপোর্ট লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল দশটায় জমির মালিকের সাথে বালু শ্রমিকদের সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সন্ধ্যা পৌনে ছয়টায় সরেজমিন গেলে গ্রামবাসীরা জানান, রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জুনেল আহমদ তরফদারের লোকজন ধলাই নদী থেকে বালু উত্তোলনের জন্য ধর্মপুর গ্রামের মাসুক মিয়ার ধানি জমির উপর পাইপ স্থাপন করেছিল। তাতে মাসুক মিয়া আপত্তি জানালে সকাল ১০টায় বালু শ্রমিকদের সাথে সংঘর্ষ বাঁধে। এ এসময় বালি মহালদার জুনেল আহমদ তরফদার ঘটনাস্থলে উপস্থিত হলে মাসুক মিয়ার হাতের লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন। আহত জুনেলকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতা জুনেল আহত হওয়ার খবরে শুক্রবার বিকাল সাড়ে চারটায় তার শতাধিক সমর্থক একটি ট্রাক, কয়েকটি মোটরসাইকেলযোগে এসে মাসুক মিয়া, মখলিছ মিয়া ও বারিক মিয়ার বাড়িতে ব্যাপক হামলা চালায়। হামলাকালে বসত ঘরের দুইটি টিভি চুরমার, দায়ের কুপে ঘরের চাল, দেয়াল ও স্টিল আলমারী ভাঙ্গচুর করে।
হামলার শিকার মখলিছ মিয়ার স্ত্রী হালিমা আক্তার (৩০) ও বারিক মিয়ার স্ত্রী সায়রা বেগম (৪৫) অভিযোগ করে বলেন, হামলাকারীরা তাদেরকে লাঞ্চিত করেছে। এমনকি আলমারিতে থাকা দুই লক্ষাধিক টাকা, পাঁচ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও তিনটি পাসপোর্ট লুটে নেয়। হামলা ও লুটপাটের পর আবার হামলাকারীরা আগের মত ট্রাক ও মোটরসাইকেলে করে নিরাপদে স্থান ত্যাগ করে। এ ঘটনার পর থেকে আক্রান্ত পরিবারগুলিতে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর শুক্রবার দুপুরে জুনেল আহমদ তরফদারের বিক্ষুদ্ধ সমর্থকরা পালিয়ে যাবার সময় মাসুক মিয়া নামে মূল হামলাকারী ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে চার সদস্যের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মো: শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষই আইন নিজের হাতে তুলে নিয়েছেন। এখন মামলা দিলে থানা তা গ্রহন করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার পুলিশ বিষয়টির উপর কড়া নজরদারী করছে।
ঘটনা সম্পর্কে জানতে চেয়ে জুনেল আহমদ তরফদারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। কয়েক দফা তার মুঠোফোনে চেষ্টা করেও কথা বলা যায়নি।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed