Main Menu

খাদ্যের সন্ধানে মেঘালয়ের বাঘশাবক এপারে

সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতের মেঘালয় পাহাড় থেকে খাদ্যের সন্ধানে এপারের লোকালয়ে এসে ক্ষুদে স্কুলশিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে চিতা বাঘের দুটি বাচ্চা। কালো ডোরাকাঁটা বাঘশাবক দুটি প্রায় ২২ ইঞ্চি করে লম্বা।
রোববার সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তে কয়লার ডিপো থেকে ক্ষুদে স্কুলশিক্ষার্থীরা ওই চিতা বাঘের বাচ্চা দুটিকে আটক করে। এরপর তারা বাচ্চা দুটিকে বনবিড়াল মনে করে তাদের নিয়ে খেলছিল।
স্থানীয় সূত্র জানায়, বাগলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ুয়া কলাগাঁও গ্রামের শফিকুল তার কয়েক সহপাঠীকে নিয়ে সকালে হাঁটতে বের হয়। এই বিষয়টি তাদের নজরে আসলে তারা বাঘের বাচ্চা দুটিকে উদ্ধার করে।
খবর পেয়ে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান ডালিম এসে বাঘের বাচ্চা দুটিকে তার স্কুলের অফিস কক্ষে নিয়ে যান। এরপর বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র রায় বনভিভাগের রেঞ্জার বলরাম রায়ের সঙ্গে মুঠোফোনে বাঘের বাচ্চা উদ্ধারের বিষয়টি জানান।
প্রদীপ চন্দ্র রায় জানান, বনবিভাগের রেঞ্জার বলরাম রায় তাহিরপুরের ধলইরগাঁও বিট অফিসার সাইফুল ইসলামকে বাঘশাবক দুটিকে নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।

Share





Related News

Comments are Closed