ছাতকে প্রবাসীর বৃদ্ধা মাকে পিটিয়ে ও কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রবাসীর বৃদ্ধা মাকে বসতবাড়ির জায়গা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে জাউয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে আসামীদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
গত ২২ অক্টোবর দুপুরে উপজেলার ছাতক থানাধীন ৯নং জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের মৃত সুধাংশু শেখর দের স্ত্রী হাসি রানী দত্ত (৬৭) দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একা বসবাস করছেন। তার এক ছেলে ও এক মেয়ে দুজনেই প্রবাসে থাকায় বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই। এই সুযোগে স্থানীয় ভূমিদস্যু গিয়াস উদ্দিন (৫০) দীর্ঘদিন ধরে বৃদ্ধার বসতবাড়ির সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল এবং বিভিন্ন সময়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
গত ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান অভিযুক্ত গিয়াস উদ্দিনের নেতৃত্বে অন্যান্য বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে বৃদ্ধার বাড়িতে অনধিকার প্রবেশ করে।
তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে বৃদ্ধা প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তার বসতবাড়ির আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট চালায়। এছাড়া আঙ্গিনায় থাকা ৮-১০টি ফলজ ও বনজ গাছ কেটে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি সাধন করে।
বৃদ্ধা নারী গাছ কাটতে নিষেধ করলে আসামিরা তাকে কিল-ঘুষি মেরে জখম করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত গিয়াস উদ্দিন তার হাতে থাকা ধারালো দা দিয়ে বৃদ্ধার মাথা লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে কোপ মারেন। বৃদ্ধা বাম হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে কোপটি তার বাম হাতের কবজির ওপরে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। হামলাকারীরা পুনরায় তাকে রামদা দিয়ে কোপাতে গেলে তিনি সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কোপের আঘাতে তার দুই পায়েও গুরুতর জখম হয়।
বৃদ্ধার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা তাকে ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দিয়ে যায়, বৃদ্ধা দ্রুত বাড়িঘর ছেড়ে চলে না গেলে তাকে সপরিবারে প্রাণে হত্যা করা হবে। ঘটনার পর ভুক্তভোগী নারী প্রবাসে থাকা সন্তান ও স্থানীয়দের বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে কবির ও নিজামসহ ১০ জনের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।
এ ঘটনায় শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত গিয়াস উদ্দিন, কবির ও নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে।
ছাতক থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় এই ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীর পরিবার অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Related News
ছাতকে প্রবাসীর বৃদ্ধা মাকে পিটিয়ে ও কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রবাসীর বৃদ্ধা মাকে বসতবাড়ির জায়গা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে পিটিয়েRead More
ছাতকে মিছিলে দিতে গিয়ে আটক ছাত্রলীগের দুই কর্মী
ছাতক প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। ঝটিকা মিছিলে যোগ দিতেRead More



Comments are Closed