৪র্থ মৃত্যুবার্ষিকী; হুমায়ূন আহমেদ স্মরণে নানা অায়োজন
বৈশাখী নিউজ ডেস্ক ডেস্ক: কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০১২ সালের আজকের দিনে না ফেরার দেশে চলে গিয়েছিলেন হুমায়ূন আহমেদ।
অসম্ভব মেধাবী এই মানুষটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক ছিলেন। রসায়নের মত জটিল একটি বিষয়ে নিয়েছিলেন ডক্টরেট ডিগ্রী। কিন্তু নিজের কোন বইতে, নাটকে নামের আগে ড. উপাধীটি ব্যবহার করেন নি।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে ২০ কিলোমিটার দূরে পিরুজালী গ্রাম। ব্যক্তিগত উদ্যোগে ওই গ্রামেই ১৫ বছর আগে ৪০ বিঘা জায়গা নিয়ে নুহাশ পল্লী তৈরি করেন হুমায়ুন আহমেদ। ঢাকার ধানমণ্ডিতে তার বাসস্থান হলেও সুযোগ পেলেই নুহাশ পল্লীতে চলে আসতেন সময় কাটাতে। কখনো আসতেন সপরিবারে, কখনো আসতেন বন্ধু-বান্ধবদের নিয়ে রাতভর আড্ডা দিতে। এই নুহাশ পল্লীকে ঘিরে ছিলো নানা স্বপ্ন।
হুমায়ুন আহমেদের কীর্তির কথা বলে শেষ করা যাবে না। তবু কিছু কাজ স্মরণ করা যাক। হুমায়ুন আহমেদের লেখা “তোমাদের জন্য ভালোবাসা” বাংলাদেশের প্রথম সায়েন্স-ফিকশন। এদেশের টিভি নাটকে বিপ্লব ঘটে তাঁরই হাত ধরে। মুখের ভাষাকে তিনি সংলাপে রূপ দেন। তাঁর নাটক ছাড়া বাঙ্গালীর ঈদ ছিল অসম্পূর্ন। তাঁর বানানো সিনেমার কথা সবাই জানে- শ্রাবন মেঘের দিন, আগুনের পরশমণির মতো বেশ কিছু সিনেমা পেয়েছি আমরা তাঁর হাত ধরে।
তিনি বর্ননার ভারে পাঠককে ক্লান্তি দেন না। তাঁর বর্ননা পরিমিত কিন্তু সবল। তাঁর তৈরি চরিত্র হিমু, মিসির আলী কালজয়ী দুটি চরিত্র, যারা লজিক এবং এন্টি লজিক নিয়ে কাজ করে। হিমুর ব্যাপক জনপ্রিয়তা আমাদের অভিভূত করে। ছোটগল্পে তিনি যে সাবলীলতা দেখিয়েছেন তা অচিন্ত্যনীয়। এরকম তালিকা বানাতে চাইলে শেষ হবে না। তবে থামাটাই বুদ্ধিমানের কাজ।
১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। ক্যান্সারের সাথে যুদ্ধ করে মেধাবী এ মানুষটি আমাদের একা করে চলে গেছেন আজকের এ দিনটিতে। তাঁর চলে যাওয়ার এ দিনটিকে আমরা গভীর শ্রদ্ধা ও মমতায় স্মরণ করছি।
কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী রয়েছে নানা আয়োজন। টেলিভিশন চ্যানেলগুলো সাজিয়েছে হুমায়ূন আহমেদকে নিয়ে অনুষ্ঠানমালা। ব্যক্তিগত ও পারিবারিকভাবেও স্মরণ করা হবে দেশের বরেণ্য এই গুণী মানুষটিকে।
নুহাশপল্লীতে লেখকের প্রিয় খাবারে এতিমভোজ
হুমায়ূন আহমেদ স্মরণে মঙ্গলবার তার প্রিয় নুহাশপল্লীতে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে গাজীপুর এলাকার কয়েকটি এতিমখানার শিশুদের দাওয়াত করা হয়েছে। পরে শিশুদের হুমায়ূন আহমেদের প্রিয় খাবার পরিবেশন করা হবে।
হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, ”হুমায়ূন আহমেদের প্রিয় খাবার রান্না করে এতিম শিশুদের খাওয়াব। দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। হুমায়ূন আহমেদ তার বাবার জন্য যখন দোয়া মাহফিলের আয়োজন করতেন তখন সব সময় নিজের প্রিয় খাবার এতিমদের নিজ হাতে বেড়ে খাওয়াতেন। এবার আমি এ কাজটি করব।”
মঞ্চে তার সৃষ্ট চরিত্র ‘নদ্দিউ নতিম’
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে মঞ্চায়ন হবে তারই উপন্যাস থেকে নাটক ‘নদ্দিউ নতিম’। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নাটকটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কে কথা কয়’ এর নাট্যরূপ ‘নদ্দিউ নতিম’ নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। এটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ, সেট ও লাইট পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, পোশাক পরিকল্পনা করেছেন সোনিয়া হাসান এবং আবহসংগীত পরিকল্পনা করেছেন আর্য মেঘদূত।
নাটকের নির্দেশক আসাদুল ইসলাম বলেন, হুমায়ূন কাজের মধ্য দিয়ে তাকে স্মরণ করতে ওই দিন ম্যাড থেটার নিবেদন করবে নাটক ‘নদ্দিউ নতিম’।
টিভি আয়োজন
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন। এ আয়োজনে থাকছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওনের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান ‘বহুমাত্রিক হুমায়ূন’। এটি প্রচার হবে সকাল ১০টা ২ মিনিটে।
এ ছাড়া বেলা ২টা ৩০ মিনিটে চলচ্চিত্রের গানের অনুষ্ঠান ‘ফেয়ার অ্যান্ড লাভলী সিনে টিউন’ এ থাকবে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রের গান। রাত ৮টা ১০ মিনিটে থাকছে হুমায়ূন আহমেদের গল্প নিয়ে বিশেষ নাটক ‘জইতরী’। মেহের আফরোজ শাওনের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ, স্পর্শিয়াসহ অনেকে। রাত ১১টায় প্রচার করা হবে বারী সিদ্দিকীর পরিবেশনায় সংগীতানুষ্ঠান ‘নক্ষত্রের রাত’।
এ ছাড়া চ্যানেল আইয়ের পর্দায় বেলা ১১টায় হুমায়ূন আহমেদকে স্মরণ করে প্রচার হবে হুমায়ূন আহমেদের বিশেষ নাটক। রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে রাজু আলীমের পরিচালনায় হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠান।
ভক্তদের দেশব্যাপী আয়োজন
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে হুমায়ূন ভক্তদের সংগঠন হিমু পরিবহন। তাদের আয়োজনের মধ্যে রয়েছে সারা দেশে ক্যানসার সচেতনতামূলক লিফলেট বিতরণ, সেমিনার, রক্তদান কর্মসূচি, হুমায়ূন আহমেদকে নিয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল, গরিবদের মাঝে খাবার বিতরণ, হুমায়ূন আহমেদের নাটক, সিনেমার প্রদর্শনী।
ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মঙ্গলবার সকাল ৭টায় হুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা জানাতে হলুদ পাঞ্জাবি ও নীল শাড়ি পরে হিমু, রুপা, মিসির আলী, শুভ্র, বাকের ভাই, মাজেদা খালার রূপে সেজে হুমায়ূনভক্তরা যাবেন নুহাশপল্লীতে। পথে পথে বিতরণ করা হবে ক্যানসার সচেতনতামূলক লিফলেট।
এরপর কবর জিয়ারত ও দোয়া শেষে সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও এক মিনিট নীরবতা পালন করা হবে। থাকবে শোকবই। নুহাশপল্লীর গেটের সামনে বিনামূল্যে রক্তদান কর্মসূচি থাকবে হুমায়ূনভক্তদের আয়োজনে।
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed