Main Menu

সিসিকের ১৫দিনব্যাপী ‘ওয়ান স্টপ’ সার্ভিস শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়ে ১৫ দিনব্যাপী ওয়ান স্টপ সার্ভিস ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরীর সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে এই ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ শরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ র ম রেনু ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ সহজে ও দ্রæত কর আদায়ের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের চালুকৃত ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, সেবাকে জনবান্ধবমুখী করে মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের এই উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয়। তিনি আরও বলেন, জনসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে তাদের সেবাসমূহকে জনগনের দ্বোরগোড়ায় নিয়ে যেতে হবে। এতে করে মানুষ হয়রানীমুক্তভাবে এবং দ্রততার সাথে সেবা পায়। এক্ষেত্রে সিটি কর্পোরেশন যে কার্যক্রমের সূচনা করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।
কর আদায় পদ্ধতি সহজ করার আহবান জানিয়ে বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদ বলেন, এখন ডিজিটাল যুগ। কিভাবে ডিজিটাল পদ্ধতিতে আরও দ্রুততার সাথে কর আদায় করা যায় সেই ব্যাপারে আমাদেরকে কাজ করতে হবে। কর আদায় কার্যক্রমকে বিকেন্দ্রীকরণ করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রয়োজনে সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে কর আদায় কেন্দ্র স্থাপন করা যেতে পারে।
এ্যাসেসর চন্দন দাশের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. বদরুল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, লাইসেন্স অফিসার (চলতি দায়িত্ব) হেলাল উদ্দিন, কর কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো: আব্দুল আজিজসহ আরও অনেকে।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডেপুটি ট্যাক্সেসেশন অফিসার মো: জাহাঙ্গীর হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন কর শাখার কর্মকর্তা জ্যোতিষ চক্রবর্ত্তী। উদ্বোধনপূর্ব আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ফিতা কেটে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করেন।
সিটি কর্পোরেশনের কর আদায় শাখা জানিয়েছে, সিলেট মহানগরীর যেসব ব্যক্তি-প্রতিষ্ঠান এখনও ট্রেড লাইসেন্স গ্রহন করেননি কিংবা নবায়ন করেননি তাদের লাইসেন্স সহজে প্রাপ্তির লক্ষ্যে সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে ১৫দিনব্যাপী ট্রেড লাইসেন্স প্রদানে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম আগামী ১ আগস্ট পর্যন্ত চালু থাকবে।
উল্লেখ্য, এর আগে গত অর্থবছরে (৮ মার্চ থেকে ১০ মার্চ) আয়োজিত তিনদিনব্যাপী ওয়ান স্টপ সার্ভিসে ব্যাপক সাড়া পাওয়ায় এবার ১৫দিন ব্যাপী ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে।
প্রসঙ্গত গত ২০১৫-১৬ অর্থবছরে ট্রেড লাইসেন্স বাবদ সিলেট সিটি কর্পোরেশন ৪ কোটি ৫২ লাখ ২৪ হাজার ২শ ৬ টাকা আদায় করে, ২০১৪-১৫ অর্থবছরে আদায়ের পরিমান ছিল প্রায় সাড়ে ৩ কোটি টাকা। বর্তমানে মহানগরীতে ট্রেড লাইসেন্সের সংখ্যা প্রায় ৪০ হাজার।

Share





Related News

Comments are Closed