Main Menu

সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে ভ্রমণের অনুমতি দেয়নি বিমান কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই নারীর পরিবারের অন্য তিন সদস্যও স্বেচ্ছায় যাত্রা বাতিল করেন। ফলে চারজনের কেউই নির্ধারিত ফ্লাইটে লন্ডন যেতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটটির। ওই ফ্লাইটে লন্ডনগামী চার সদস্যের একটি পরিবার যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁরা চেক-ইন ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পাসপোর্ট চেকিং পয়েন্টে (পিসিইউ) পৌঁছান।

সেখানে পরিবারের এক নারী নিজেকে ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানান। তবে এ অবস্থায় বিমান ভ্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাঁকে ফ্লাইটে ভ্রমণের অনুমতি দেয়নি। পরে তাঁকে অফলোড করা হয়।

এ ঘটনার পর পরিবারের বাকি সদস্যরাও ওই নারীকে রেখে লন্ডন না যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁরা স্বেচ্ছায় ফ্লাইট থেকে অফলোড হন। ফলে ওই পরিবারের চার সদস্যের কারও আর ওইদিন ফ্লাইটে লন্ডন যাওয়া হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ বিমান সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ জানান, আইন অনুযায়ী ২৬ সপ্তাহের অন্ত:সত্ত্বা হলে চিকিৎসকের প্রত্যায়ন পত্র প্রয়োজন হয়। উল্লেখিত যাত্রীর ইতিমধ্যে ২৫ সপ্তাহ পার হয়েছে কিন্তু তার কাছে চিকিৎসকের কোন প্রত্যায়ন পত্র ছিলো না। ঝুকি বিবেচনা করে বিমানের ক্রুরা উল্লেখিত যাত্রীকে নিতে অস্বীকৃতি জানায়। তিনি জানান, প্রত্যায়ন ছাড়া কোন যাত্রী নেয়ার ফলে যাত্রা পথে কোন ধরনের অসুবিধা হলে বিশাল অংকের টাকা জরিমানা গুনতে হতো বিমান বাংলাদেশকে। সেই বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে যাত্রীদের এবং তারা বিষয়টি উপলব্দি করে তাদের যাত্রা বাতিল করেছেন।

Share





Related News

Comments are Closed