Main Menu

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুই চালক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ডের অদূরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ও আরো অন্তত ১৮ জন আহত হয়েছেন।

শুক্রবার রাতে রবিশালগামী গোল্ডেন লাইনের বাস ও ঢাকাগামী সবজি বোঝাই ট্রাকের এই সংর্ঘষ হয়।

নিহতরা হলেন- বাসচালক বরিশালের বন্দর থানার কাউয়ার চর এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাহীন হোসেন (৪০) ও ট্রাকচালক যশোরের বাঘারপাড়া থানার পাঠান পাইকপাড়া এলাকার গালিব শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ (৩৫)।

আহতদের মধ্যে ১৬ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা নিয়েছেন প্রাথমিক চিকিৎসা।

চিকিৎসাধীন যাত্রীরা হলেন- বন্যা আক্তার (১৪), রোজিনা আক্তার (২২), বজলুর রহমান (৪৮), জাহাঙ্গীর আলম (৪০), কামরুজ্জামান (৫০), খুকুমণি (৩), রাশেদ খান (৪০), মো. শিপন (২৫), হিমেল আহমেদ (১০), আকরাম হোসেন (৪০), আনোয়ার হোসেন (৩৮), নুর মোহাম্মদ (৩৫), মশিউর রহমান (৩৫), তামান্না আক্তার (১৬), মেহেদী হাসান (৩০) ও ফরিদুল ইসলাম (২১)। তাদের বাড়ি বরিশাল ও জামালপুর জেলার বিভিন্ন এলাকায়।

এদিকে, এই দুর্ঘটনার পরপরই মহাসড়কে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে শত শত আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারি হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১২টার দিকে ওই স্থানে বাস (ঢাকা মেট্রো ব ১৪-৮৬৮৫) ও ট্রাকের (ঢাকা মেট্রো ড ১৪-৫৭১২) মুখোমুখি সংঘর্ষে উভয়ের সম্মুখ দুমড়ে-মুচড়ে একটির সঙ্গে আরেকটি আটকে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই দুইটি যানের চালক।

আর আহত ওই বাস যাত্রীদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, ময়নাতদন্তের জন্য দুইটি লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনা কবলিত যান দুইটি রেকার দিয়ে মহাসড়কের ওপর থেকে সড়িয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

Share





Related News

Comments are Closed