Main Menu

বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা সবাই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটিপাড়া এলাকায় ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলচালক সৌরভ ঢালী এবং দুই আরোহী মোস্তাকিন ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পুলিশ বাসটি আটক করতে পারলেও চালক ও বাসের অন্য কর্মীরা পালিয়ে যান।

দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed