Main Menu

সিসিকের হোল্ডিং ট্যাক্স বকেয়া ৫৪ কোটি টাকা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের ৫৪ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স বকেয়া পড়ে আছে দীর্ঘদিন ধরে। এক শ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশে অনেকেই এই ট্যাক্স দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। ফলে বছরের পর বছর এসব বকেয়া আদায় হচ্ছে না।

তবে দেরিতে হলেও সিলেট সিটি করপোরেশন বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে মাঠে নেমেছে। অভিযানের প্রথম দিন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নিকট থেকে প্রায় ৪৫ লাখ টাকা পরিশোধের লিখিত প্রতিশ্রুতি আদায় করেছে সিটি করপোরেশন। কর্মকর্তারা বলছেন, ঐতিহ্যবাহী এই শহরকে সাজিয়ে তুলতে সকলের চেষ্টা প্রয়োজন। তাই উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার স্বার্থে সম্মানিত নাগরিকদের হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য ট্যাক্স প্রদান করা উচিত।

গত মঙ্গলবার সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত টিম নগরীর ১ নম্বর, ৯ নম্বর এবং ২৩ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. শরীফুজ্জামান, ট্যাক্সেশন অফিসার মো. আব্দুল আজিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানকালে উত্তর বাগবাড়ীর মদীনা টাওয়ারের ১৬ লাখ টাকা বকেয়া আগামী ৫ দিনের মধ্যে পরিশোধের বন্ড দেন টাওয়ার কর্তৃপক্ষ। স্কলার্সহোম পাঠানটুলা শাখা ৯ লাখ ৩২ হাজার টাকা, আম্বরখানাস্থ করিমা ম্যানশনে ৫ লাখ ৫২ হাজার টাকা ও জান্স কমিউনিটি সেন্টারের কাছে পাওনা ৫ লাখ টাকা তিনদিনের মধ্যে পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এছাড়া অভিযানকালে নগরীর সোবহানীঘাটের আগুরা টাওয়ারের ৯ লাখ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স একদিনের মধ্যে পরিশোধের ব্যাপারে অঙ্গীকার করেন ভবন মালিক।
এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, একাধিক নোটিস প্রদানের পরও যারা এখনো হোল্ডিং ট্যাক্স প্রদান করেননি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যারা হোল্ডিং ট্যাক্স প্রদান করবেন না তাদের মালামাল ক্রোকসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed