Main Menu

সুনামগঞ্জে হোটেল থেকে কন্ঠশিল্পী চুমকি’র লাশ উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্টেশন এলাকার আবাসিক হোটেল আল হেলাল থেকে চুমকি আক্তার (২২) নামে এক কন্ঠশিল্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হোটেল থেকে ঐ মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পশ্চিম তেঘরিয়া গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র মাহিন ইসলাম স্ত্রী পরিচয়ে ওই যুবতীকে নিয়ে হোটেলের ১০১ নং কক্ষে উঠে। শুক্রবার সকালে স্বামী পরিচয়ধারী যুবক নাস্তা আনতে বাহিরে গেলে কক্ষে আর ফিরে আসেনি।
সুনামগঞ্জ সদর থানার ওসি হারুন অর-রশিদ জানান, এ ঘটনায় হোটেলের ম্যানেজার কামরুল ইসলাম ও বয় কৃষ্ণকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হোটেলে পৌর এলাকার ঠিকানা ব্যবহার করলেও কন্ঠশিল্পী চুমকীর মূলবাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নুরুল্লা গ্রামে। নুরুল্লা গ্রাম নিবাসী মৃত হারুন অর রশিদের কন্যা চুমকি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার ৭মাস আগে মাহিন চুমকী আক্তারকে প্রতারিত করে বিয়ে করে। বিয়ের পর সে শহরের ওয়েজখালী গ্রামে তালেব হোসেনের বাড়িতে কিছুদিন ভাড়াটে হিসেবে বসবাস করে। ঠিকমতো বাসা ভাড়া পরিশোধে ব্যর্থ হওয়ায় বাড়ির মালিক তাদেরকে বাসা থেকে তাড়িয়ে দেন।
অন্যদিকে বিয়ের পর প্রতারিত চুমকি আক্তার জানতে পারে মাহিনের সংসারে তার পূর্বের স্ত্রী ও সন্তানাদি রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া কলহ লেগে থাকতো। মাহিন চুমকীকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করতো। ঘটনার দিন সকালে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে মাহিন তাকে খুন করে পালিয়ে যায় বলে স্থানীয় লোকজন দাবী করেন।
পুলিশ জানায় গলায় ওড়না পেছানোর দাগ পাওয়া অবস্থায় চুমকীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে হোটেল মালিক জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এটিএম হেলাল আত্মগোপনে রয়েছেন।
জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, চুমকি বেগম বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা বলে নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed