Main Menu

চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর টেরিবাজারে অভিযান চালিয়ে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জাল ভিসা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল মাবুদ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায়ও আগের একটি মামলা রয়েছে।

রবিবার (২২ নভেম্বর) কোতোয়ালী থানাধীন টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকার বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানান, অভিযানে আব্দুল মাবুদের হেফাজত থেকে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার আব্দুল মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি একটি মামলা রয়েছে। ওই মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, জাল দলিল ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল। মামলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ধারাও যুক্ত রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ৪১, তারিখ ২২ নভেম্বর ২০২৬। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৫ ও ৪৬৮ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১), ১১(২) ও ১১(৩) ধারা যুক্ত করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুল মাবুদকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed